দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ভ্যাটের হার কমানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বনানী কাকলি হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
মিছিলের নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীর প্রায় ৫০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ দেশের উচ্চশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে ভবিষ্যতেও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) বলেন, শিক্ষার্থীদের কল্যাণে সরকারের গৃহীত উদ্যোগগুলোকে তারা স্বাগত জানান। একই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের ভাষ্য, শিক্ষা-সংক্রান্ত সরকারের সাম্প্রতিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন জানানোর উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
এমএস/